খুলনা অফিস
খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা)-এর চেয়ারম্যান হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান যোগদান করেছেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে খুলনা ওয়াসার অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার এমডি ফিরোজ শাহ, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ প্রমুখ।
এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান সুপেয় পানি সরবরাহসহ ওয়াসাকে খুলনাবাসীর সেবায় নিয়োজিত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এর আগে সোমবার (১৩ জুলাই) মোহাম্মদ মনিরুজ্জামানকে তিন বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মনিরুজ্জামান মনি খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেককে ৬২ হাজার ২০৬ ভোটের ব্যাবধানে পরাজিত করে তিনি মেয়র নির্বাচিত হন। ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে পরিচিত মনিরুজ্জামান প্রায় এক বছর ধরে মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর কমান্ডের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৯৪ সালে খুলনা সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়া চার দফা কেসিসির ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এ বর্ষীয়ন রাজনীতিবিদ।