মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রতিবন্ধীরাও মানুষ, আর মানুষ সৃষ্টির সেরা জীব (আশরাফুল মাখলুকাত)। সঠিকভাবে সুযোগ-সুবিধা পেলে প্রতিবন্ধীরাও সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। প্রতিবন্ধীদের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে এবং তাদেরকে দেশের মূল স্রোতধারায় আনার চেষ্টা করা হচ্ছে।
মাগুরা মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে অটিস্টিক প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী একথা বলেন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ (অব.) বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ প্রমুখ।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, প্রতিবন্ধীদের সমাজ বা পরিবারের বোঝা মনে না করে, তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে। তারা যাতে বাবা-মায়ের ওপর নির্ভরশীল না হয়, সেজন্য সরকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এসময় তিনি প্রতিবন্ধী স্কুলটির সার্বিক উন্নয়নে যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে অত্যন্ত আন্তরিক। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধীদের জন্য বাজেটে গত অর্থবছরের তুলনায় এবার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ফ্রোগার মেশিন, স্প্রে মেশিন ও সেলাই মেশিন উপকারভোগীদের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী।