যবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর প্রথম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের শিক্ষক ড. মো. ফিরোজ কবির।
একই নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিভাগের শিক্ষক আহামাদুল্লাহ হিল গালীব এবং প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পিটিআর বিভাগের সাবেক শিক্ষার্থী ডা. আহনাফ আল মুকিত।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা জেলার সাভারে অবস্থিত বিপিএর প্রধান কার্যালয়ে (পিসিআরপি) অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে যাওয়া ফিজিওথেরাপিস্ট সদস্যরা নির্বাচনে ভোট প্রদান করেন। পাশাপাশি দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্যও অনলাইন ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মোস্তফা জামান। নির্বাচন কমিশনার ছিলেন বদরুল হাসান চৌধুরী ও ডা. শাহনাজ সুলতানা (পিটি)।
এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন (পিএইচটি) এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. আমিনুল ইসলাম (পিটি)। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, প্রকাশনা সম্পাদক, মহিলা ও কল্যাণ সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, শিক্ষা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় ড. মো. ফিরোজ কবির বলেন, ‘সকল ভোটারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজ থেকে আমার দায়িত্ব অনেকগুণ বেড়ে গেল। আগামী দিনগুলোতে আরও ব্যাপকভাবে কাজ করার চেষ্টা করবো। তবে এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন। আমার বিশ্বাস, আমরা সবাই মিলে ফিজিওথেরাপি পেশাকে কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হবো।’