অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় মোহাম্মদ হুসাইন (২১) নামে এক মাদরাসাশিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর-খুলনা রেলপথের ভাঙাগেট এলাকায় রহমত ওয়েব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হুসাইন উপজেলার ভাঙাগেট এলাকায় উম্মুলকুরা নুরানি অ্যাকাডেমির শিক্ষক ছিলেন।
তিনি যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে হুসাইন মোবাইলফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। রহমত ওয়েব্রিজের সামনে পৌঁছালে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মৌসুমি ইয়াসমিন বলেন, ট্রেন দুর্ঘটনায় রক্তাক্ত জখম মাদরাসাশিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। ট্রেন দুর্ঘটনায় নিহত হওয়ায় বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।