পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মেলেকপুরাইকাটি সাধুপাড়া গ্রামের দীর্ঘদিনের বেহাল রাস্তা অবশেষে সংস্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশনা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে ইটের সলিংয়ের মাধ্যমে রাস্তাটি সংস্কার হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।
সরেজমিনে দেখা যায়, জয়দেব সাধুর বাড়ির পাশ থেকে বরুণ সাধুর বাড়ি পর্যন্ত প্রায় ৫১৫ ফুট রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। প্রতিদিন প্রায় কয়েকশ’ মানুষ এ সড়ক ব্যবহার করেন।
সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে কাদা ও পানি জমে পথচারী, ভ্যান ও মোটরসাইকেল চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে সর্বশেষ রাস্তাটিতে ইটের সলিং করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় কোনো ধরনের সংস্কার বা রক্ষণাবেক্ষণ না হওয়ায় সড়কটির অধিকাংশ অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
বোয়ালিয়া সর্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি তুষার কান্তি সাধুর উদ্যোগে গত ২৯ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রাস্তাটি সংস্কারের জন্য একটি লিখিত আবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।
এরপর ২০২৫–২৬ অর্থবছরের কাবিটা কর্মসূচির আওতায় চলতি বছরের ২৫ জুন রাস্তাটি ৫১৫ ফুট লাম্বা ও ৬ ফুট চওড়া ইটের সলিংয়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়।