যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা 'স্ট্যান্ড রিলিজড'

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৮:২৪ পিএম
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৯:০৯ পিএম
দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা 'স্ট্যান্ড রিলিজড'

সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা, বাঁশের খুঁটি ও সার বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

আদেশে তাকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু সাঈদ শুভ্র। যোগদানের মাত্র ১৩ দিনের মাথায় ২৯ জুন সরকারের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে চারা বিতরণের সময় তিনি ব্যাপক অনিয়মের আশ্রয় নেন বলে অভিযোগ ওঠে।

প্রকল্পের নিয়ম অনুযায়ী, চারা সুরক্ষায় প্রতি পিস ৫০ টাকা মূল্যের বাঁশের খুঁটি দেওয়ার কথা থাকলেও কৃষকদের মাত্র দশ থেকে ২০ টাকা মূল্যের নিম্নমানের খুঁটি দেওয়া হয়। এছাড়া ৬০০ টাকা মূল্যের মানসম্মত গোবর সার বা জৈব সারের পরিবর্তে বিতরণ করা হয় ৪৮০ টাকা মূল্যের একটি সাধারণ কোম্পানির সার। এভাবে উপজেলার প্রায় এক হাজার ২০০ কৃষকের চারা বিতরণের বরাদ্দ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কৃষকরা।

এই অনিয়মের বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা মেলায় অবশেষে এই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, দুর্নীতির খবর গণমাধ্যমে আসার পর অভিযুক্ত কর্মকর্তা আবু সাঈদ শুভ্র ঘটনাটি ধামাচাপা দিতে এবং শাস্তিমূলক ব্যবস্থা এড়াতে নানা মহলে জোর লবিং ও দেন-দরবার শুরু করেন। এমনকি নিজের পক্ষে সাফাই গাইতে কতিপয় ব্যক্তির সহায়তায় প্রচারণাও চালান। তবে শেষ রক্ষা হয়নি।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, সরকারি প্রকল্পে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)