লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী নড়াইলে আসছেন।
জেলা সফরে রবিবার (১৯ জুলাই) সকালে তার নড়াইল পৌঁছানোর কথা রয়েছে।
এ খবর নিশ্চিত করেছেন বিএনপিনেতা ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ফরিদুজ্জামান ফরহাদ।
সফরসূচি অনুযায়ী এমপি নিপুণ রায়চৌধুরী রবিবার সকালে তার ঢাকার বাসা থেকে সড়কপথে নড়াইলে রওনা হবেন। মধুমতী সেতুর টোল প্লাজায় পৌঁছালে নড়াইল ও লোহাগড়ার বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে তাকে বরণ করে নেবেন। এরপর তিনি লোহাগড়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
পরে তিনি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকবেন। এ বৈঠক শেষে তিনি নড়াইল জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। দুপুরে তিনি ফরিদুজ্জামান ফরহাদের লোহাগড়ার বাসভবনে সাক্ষাৎ শেষে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। বিকেলে তিনি ঝিনাইদহের উদ্দেশে নড়াইল ত্যাগ করবেন।
এদিকে এমপি নিপুণ রায়চৌধুরীর আগমন উপলক্ষে নড়াইল ও লোহাগড়ার দলীয় নেতারা কয়েকদফা প্রস্তুতি সভা করেছেন।