লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও তার সহধর্মিণী পারিবারিক সফরে নড়াইল ঘুরে গেলেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নড়াইল রেলস্টেশনে পৌঁছালে তিনি ও তার সহধর্মিণীকে শুভেচ্ছা জানান নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দুপুরের মধ্যাহ্নভোজ শেষে তিনি নড়াইল সদর উপজেলার গোবরা এলাকার ভোঁদড় পল্লী পরিদর্শন করেন এবং সেখানকার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার বেলা ১১ টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও তার সহধর্মিণী শহরের মাছিমদিয়ায় অবস্থিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংগ্রহশালা ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসময় এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি উপস্থিত ছিলেন।
সফরকালে স্থানীয় নেতা-কর্মীরা শামসুজ্জামান দুদুকে আন্তরিক অভ্যর্থনা জানান এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।