কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর শহরের কসাইখানায় একটি গর্ভবতী ছাগল জবাই করে জনতার তোপের মুখে পড়েছেন মতিয়ার রহমান নামে এক কসাই।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ওই ছাগলের মাংস বিক্রি বন্ধ করা ছাড়াও কসাই মতিয়ার রহমানের লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার ঘোষণা দেন।
উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কেশবপুর পৌরসভার সাবদিয়া গ্রামের কসাই মতিয়ার রহমান শহরের কসাইখানায় একটি মাদি ছাগল জবাই করেন। ছাগলটির চামড়া ছাড়ানোর পর পেটে পরিপূর্ণ বয়সের দুটি মরা ছানা দেখা যায়। বিষয়টি বাজারে আসা সাধারণ ক্রেতা ও স্থানীয় লোকজন দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং কসাই মতিয়ারকে ঘিরে রাখেন।
স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান শেখকে এই খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কসাই মতিয়ার রহমান ছাগলের ছানাসহ মাংস ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ বলেন, ‘খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। তবে কসাই মতিয়ার রহমানকে সেখানে পাওয়া যায়নি। ওই কসাইয়ের লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’