খুলনা অফিস
ভুয়া কাগজপত্র দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) এক সাবেক কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আদীব আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ইউসিবিএল ব্যাংকের খানজাহান আলী রোড শাখার সাবেক ব্যবস্থাপক গোলাম হোসেন, মেসার্স আলী অ্যান্ড সন্সের মালিক শাহাজাহান আলী চৌধুরী, জামানত প্রদানকারী মঞ্জুরুল আলম ও গোলাম রহমান। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
রায়ে সাবেক ব্যাংক ব্যবস্থাপক গোলাম হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর তিন আসামি শাহাজাহান আলী চৌধুরী, মঞ্জুরুল আলম ও গোলাম রহমানকে তিনটি পৃথক ধারায় পাঁচ বছর করে (সব মিলিয়ে পাঁচ বছর সাজা ভোগ করতে হবে) সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে দশ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালে মেসার্স আলী অ্যান্ড সন্সের মালিক শাহাজাহান আলী ভুয়া কাগজপত্র দাখিল করে ইউসিবিএল থেকে দশ লাখ টাকা ঋণ নেন। তৎকালীন শাখা ব্যবস্থাপক গোলাম হোসেন কোনো যাচাই-বাছাই ছাড়াই এই ঋণ মঞ্জুর ও উত্তোলনে সহায়তা করেন। পরবর্তীতে ঋণ পরিশোধ না করায় এবং জামানতের দলিলপত্র সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হওয়ায় ২০০৫ সালের ৩০ জানুয়ারি তৎকালীন ব্যবস্থাপক ছাদিকুর রহমান বাদী হয়ে মামলা করেন।
২০১০ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সেলিনা আক্তার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর এই বিচারপ্রক্রিয়া শুরু হয়।