অভিযুক্তের দাবি: রাজনৈতিক ষড়যন্ত্র
স্টাফ রিপোর্টার
, যশোর
গাড়ির কাজ করে দিতে রাজি না হওয়ায় বাপ্পি রহমান নামে এক শ্রমিক সর্দারকে মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগে শ্রমিকনেতা রবিউল ইসলাম মিন্টু গাজীসহ কয়েকজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) আহত বাপ্পি রহমান বাদী হয়ে মামলাটি করেন।
অভিযুক্ত রবিউল ইসলাম মিন্টু গাজী বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বকচর হুশতলা বৌবাজার এলাকার বাসিন্দা।
মামলার বাদী বাপ্পি রহমান একই এলাকার একজন লেবার সরদার।
মামলার এজাহারে বাপ্পি উল্লেখ করেন, মিন্টু গাজী প্রায়ই তাকে দিয়ে ফ্রিতে গাড়ির কাজ করিয়ে নিতেন। সম্প্রতি তার গাড়ির কাজ করতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে গত ২৭ আগস্ট সকালে মিন্টু গাজীসহ কয়েকজন তার ভাড়া বাসায় গিয়ে লোহার রড ও ধারালো চাকু দিয়ে তাকে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে থানায় অভিযোগ দিলে পুলিশ সেটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।
রাজনৈতিক ইন্ধনে মামলা, দাবি মিন্টু গাজীর
অভিযোগ অস্বীকার করে শ্রমিকনেতা রবিউল ইসলাম মিন্টু গাজী বলেন, ‘ঘটনাটি সম্পূর্ণ সাজানো। গত ২৬ সেপ্টেম্বর মাদক সংক্রান্ত এক বিরোধে বাপ্পি রহমান অন্য পক্ষের রডের আঘাতে জখম হন। গাড়ি কাটার শ্রমিকরা কাজ বন্ধ রাখলে আমি বিষয়টি জানতে পেরে স্থানীয় শ্রমিকনেতা ও পুলিশের উপস্থিতিতে তা মীমাংসা করে দিই। কিন্তু স্থানীয় যুবদল নেতার ইন্ধনে সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে আমার নামে এই মিথ্যা মামলা করা হয়েছে।’