যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খেলাপি ঋণের ৮৫ শতাংশ কেন্দ্রীভূত ১৫ ব্যাংকে

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৫:০৪ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৭:০৭ পিএম
খেলাপি ঋণের ৮৫ শতাংশ কেন্দ্রীভূত ১৫ ব্যাংকে

দেশের ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশি কেন্দ্রীভূত রয়েছে ১৫টি ব্যাংকে। এর মধ্যে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকও রয়েছে। সব মিলিয়ে এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিক শেষে দেশের ৬১টি তফসিলি ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ আগের প্রান্তিকের পাঁচ লাখ ৮৮ হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে।

এ সময়ে ব্যাংক খাতে খেলাপি ঋণের হারও বেড়েছে। আগের প্রান্তিকে এ হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ, যা চতুর্থ প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার বৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতির অবনতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক বাদ দিলে বাকি ১০টি ব্যাংকে রয়েছে মোট শ্রেণীকৃত ঋণের ৫৭ শতাংশের বেশি। এতে ব্যাংক খাতের সংকট কয়েকটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে বেশি কেন্দ্রীভূত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, সম্পদের মানের অবনতি, মূলধন ঘাটতি এবং মুনাফা কমে যাওয়ার মতো দীর্ঘদিনের সমস্যায় ব্যাংক খাত এখনো চাপে রয়েছে। অতিরিক্ত তারল্য পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এলেও ব্যাংকগুলোর সামগ্রিক আর্থিক দুর্বলতা কাটেনি। আমানতকারীদের আস্থায় কিছুটা উন্নতির ইঙ্গিত পাওয়া গেলেও ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

খেলাপি ঋণের পাশাপাশি ব্যাংক খাতের মূলধন পরিস্থিতিরও অবনতি হয়েছে। ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে ব্যাংক কতটা মূলধন সংরক্ষণ করতে পারছে, তা পরিমাপের অন্যতম সূচক হলো ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের অনুপাত (সিআরএআর)।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিক শেষে ব্যাংক খাতের মূলধন ঘাটতি আগের প্রান্তিকের ৩ দশমিক ১৭ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। ফলে মূলধন পর্যাপ্ততার হার বাসেল-৩ নীতিমালায় নির্ধারিত ন্যূনতম ১০ শতাংশের চেয়ে আরও নিচে নেমে গেছে।

ব্যাংকের ধরন অনুযায়ী মূলধন পরিস্থিতির চিত্রও উদ্বেগজনক। চতুর্থ প্রান্তিক শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিআরএআর আগের প্রান্তিকের ১ দশমিক ০৮ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৮২ শতাংশ হয়েছে। বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে এ হার ৯ দশমিক ১১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৮ শতাংশে।

একীভূত হওয়া পাঁচটি ব্যাংক বাদে অন্যান্য শরিয়াহভিত্তিক ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হারও কমেছে। আগের প্রান্তিকে ৭ দশমিক ৭৫ শতাংশ থাকলেও চতুর্থ প্রান্তিক শেষে তা নেমে এসেছে ৭ দশমিক ৩০ শতাংশে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পুরোপুরি শরিয়াহভিত্তিক ১০টি ব্যাংকের আর্থিক অবস্থায় মিশ্র চিত্র রয়েছে। বিশেষ করে সম্পদের মান ও মূলধন পর্যাপ্ততার ক্ষেত্রে এসব ব্যাংকের দুর্বলতা এখনো উদ্বেগের কারণ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৪৭ শতাংশের বেশি ছিল পুরোপুরি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর। এর প্রধান কারণ একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণ।

খেলাপি ঋণ আদায় এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কয়েকটি উদ্যোগের কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে খেলাপি ঋণগ্রহীতাদের জন্য এক্সিট সুবিধা চালু, প্রস্তাবিত ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট-২০২৬ প্রণয়ন এবং অর্থঋণ আদালত আইন-২০০৩ সংশোধন। এসব উদ্যোগ ও অন্যান্য সংস্কার কার্যক্রমের মাধ্যমে ব্যাংক খাতের পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে প্রতিবেদনে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, উৎপাদন খাতের ঘুরে দাঁড়ানোর ফলে ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬ শতাংশ হয়েছে। আগের প্রান্তিকে এ প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ২ শতাংশ।

তবে প্রবৃদ্ধির এ ধারা ধরে রাখতে উৎপাদন খাতের পুনরুদ্ধার অব্যাহত রাখার পাশাপাশি খনি, বিদ্যুৎ, পরিবহন ও নির্মাণ খাতের দুর্বলতা কাটিয়ে ওঠা প্রয়োজন বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের আশঙ্কা, জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহসংকট এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় আগামী প্রান্তিকগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। এ ছাড়া বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে গেলে তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল ব্যাহত হলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ কমে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতেও। তবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাঝারি মাত্রার অর্থনৈতিক ধাক্কা সামাল দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

দীর্ঘমেয়াদে অর্থনীতির ঝুঁকি কমাতে রপ্তানির বাজার ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের নতুন গন্তব্য খুঁজে বের করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে বিশ্ববাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)