চুয়াডাঙ্গা প্রতিনিধি
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ইন্ডাস্ট্রিয়াল লবণ ও ক্ষতিকর টেক্সটাইল কালার (কাপড়ের রং) ব্যবহারের অভিযোগে চুয়াডাঙ্গার ‘অভি ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।
বুধবার (১০ জুন) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যপণ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও টেক্সটাইল কালার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষায় অনিয়মের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।
পরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আইন লঙ্ঘনের দায়ে অভি ফুড প্রোডাক্টসের মালিক অভি (২৬)-কে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, "অভিযানকালে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় অনিয়ম ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের সত্যতা পাওয়ায় আইনানুগ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়।