দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুরে ২০২৫-২৬ অর্থবছরে 'যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প' -এর আওতায় উচ্চমূল্যের নিরাপদ সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার পিয়ারপুর এলাকায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
মাঠ দিবসের মূল আকর্ষণ ছিল উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণে সমৃদ্ধ মুখীকচু 'মেহেরচন্ডি'।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়ার আয়োজনে এই মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. শওকত হোসেন ভূঁইয়া। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শওকত হোসেন ভূঁইয়া বলেন, `ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও উচ্চমূল্যের সবজি চাষের কোনো বিকল্প নেই। মেহেরচন্ডি জাতের মুখী কচু চাষ একদিকে যেমন অত্যন্ত লাভজনক, অন্যদিকে এটি পুষ্টিগুণেও অনন্য। মাত্র ৩৩ শতক জমিতে সামান্য খরচে প্রায় ৯০,০০০ টাকার মুখীকচু বিক্রি করা সম্ভব। এটি একটি অত্যন্ত লাভজনক ফসল এবং এর স্বাদ ও রান্নার গুণগত মানও চমৎকার।‘
তিনি আরও বলেন, `যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করছি, যা গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।‘
মাঠ দিবসে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পরিবেশবান্ধব উপায়ে পোকামাকড় দমন এবং কম খরচে অধিক ফলন পাওয়ার আধুনিক কৌশল ও প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। প্রদর্শনী ক্ষেতের চমৎকার ফলন দেখে স্থানীয় অন্যান্য কৃষকেরাও আগামীতে এই উচ্চমূল্যের নিরাপদ মেহেরচন্ডি জাতের মুখীকচু চাষে গভীর আগ্রহ প্রকাশ করেন।