লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
বাংলাদেশের ঋতুচক্রে গ্রীষ্মকালেই সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। মধু মাস জ্যৈষ্ঠের হরেক রকমের সুস্বাদু ও পুষ্টিকর দেশি ফল নিয়ে নড়াইলের লোহাগড়ায় ৩ দিনব্যাপী ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টায় লোহাগড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়।
এর আগে উৎসবের উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা কৃষি অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজিত এই ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন, পেয়ারা, ডেউয়া, কামরাঙা, গাব ও কাউফলসহ বিভিন্ন বিলুপ্তপ্রায় ও পরিচিত প্রজাতির দেশীয় ফলের আকর্ষণীয় সমাহার ঘটানো হয়।
ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার। উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমান জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান এবং জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দনসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাম্মী কায়সার বলেন, “বাংলাদেশে এখন সরকারি ও রাষ্ট্রীয়ভাবে ফল উৎসবের আয়োজন করা হচ্ছে। বিদেশি ফলের অতি দাপটে আমাদের অনেক পুষ্টিকর দেশীয় প্রজাতির ফল আজ প্রায় বিলুপ্তির পথে।
এই সব ফলের স্বাদ ও গুণের সঙ্গে আমাদের নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতে হবে।” দেশীয় ফল অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু উল্লেখ করে তিনি এর উৎপাদন বাড়াতে কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
আয়োজকেরা জানিয়েছেন, তিন দিনব্যাপী চলমান আকর্ষণীয় এই ফল উৎসব আগামী ২০ জুন শেষ হবে।