চুয়াডাঙ্গা প্রতিনিধি
নিষিদ্ধ কেওড়াজল ব্যবহার করার অভিযোগে চুয়াডাঙ্গা ভিজে স্কুলের সামনে 'ঢাকা কাচ্চিবাড়ি' নামে এক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানা রোডে বিরিয়ানি হাউজগুলোতে তদারকিমূলক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
সম্প্রতি বিরিয়ানি খেয়ে কয়েকজনের অসুস্থ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহার করায় আনিছুজ্জামানের প্রতিষ্ঠান ঢাকা কাচ্চিবাড়িকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া শাহী নান্না বিরিয়ানি হাউজ ও বিসমিল্লাহ বিরিয়ানি হাউজে তদারকি চালিয়ে ক্ষতিকর বা নিষিদ্ধ কোনো উপাদান (ফুড কালার বা কেওড়াজল) পাওয়া যায়নি। এসময় প্রতিষ্ঠানগুলোকে অতিদ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা ও ভবিষ্যতে নিষিদ্ধ কোনো উপাদান ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মন্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহলদার ইমরান রিন্টু, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি টিম।