সুবর্ণভূমি ডেস্ক
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া নিয়ে প্রথমবারের মতো স্পষ্ট মন্তব্য করেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, ভারতে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্তের পেছনে মূলত রাজনৈতিক কারণ ছিলো। তবে এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি।
বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্যালান্টসের হয়ে খেলছেন মিরাজ। শ্রীলঙ্কায় ভারতীয় ক্রীড়া সাংবাদিক বরিয়া মজুমদারের ডিজিটাল প্ল্যাটফর্ম 'রেভস্পোর্টজ'-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিশ্বকাপ, ভারত সিরিজ, নেতৃত্ব এবং বাংলাদেশের ক্রিকেটের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মিরাজ সংক্ষিপ্ত উত্তরে বলেন, আমি মনে করি এটি একটি রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই।
বিশ্বকাপের মতো মঞ্চে খেলতে না পারার হতাশার কথা গোপন করেননি এই অলরাউন্ডার। তিনি বলেন, প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমাদের অনেক তরুণ ক্রিকেটারেরও সেই সুযোগ পাওয়ার আশা ছিল। দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতি সবাই জানে।
ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মিরাজ বলেন, আমরা এই সিরিজ নিয়ে খুবই রোমাঞ্চিত। অনেক দিন পর ভারতের বিপক্ষে খেলব। তারা নিঃসন্দেহে শক্তিশালী দল, তবে নিজেদের মাঠে আমরা ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি। ভারতে ব্যক্তিগতভাবে খেলতে আগ্রহী ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি যোগ করেন, হ্যাঁ, সবাই ভারতে গিয়ে খেলতে চায়।
সাক্ষাৎকারে উঠে আসে ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় ওয়ানডে জয়ের প্রসঙ্গও। সেই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতানোর স্মৃতি রোমন্থন করে মিরাজ বলেন, ওই মুহূর্তটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ও বিশেষ স্মৃতি। আমরা শুধু ইতিবাচক থেকে এক বল এক বল করে এগোতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত সেটি স্মরণীয় এক জয় হয়ে থেকে যায়।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবালের দায়িত্ব গ্রহণ নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া জানান মিরাজ। তিনি বলেন, তামিম ভাই দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন। আমি মনে করি, বিসিবিকে নেতৃত্ব দেওয়া তার জন্য দারুণ একটি সুযোগ। তিনি দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই আমার বিশ্বাস।
এলপিএলে নিজের প্রথম অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার শ্রীলঙ্কা সফর করলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এবারই প্রথম খেলছেন এবং নতুন এই অভিজ্ঞতা দারুণ উপভোগ করছেন বলে জানান তিনি।
গল গ্যালান্টসে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দাসুন শানাকার নেতৃত্বে খেলার অভিজ্ঞতা সম্পর্কে মিরাজ বলেন, শানাকা একজন অসাধারণ টি-টোয়েন্টি ক্রিকেটার এবং খুব ভালো অধিনায়ক। দুর্ভাগ্যজনকভাবে আমরা একটি ম্যাচ হেরেছি, তবে তিনি দলকে দারুণভাবে পরিচালনা করছেন।
নিজের অধিনায়কত্ব ও দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী মিরাজ জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়সহ সাম্প্রতিক সাফল্য দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। তবে বিশ্বমঞ্চে বা বড় টুর্নামেন্টে ভালো করতে হলে প্রতিনিয়ত উন্নতি করা এবং ভিন্ন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই।