সুবর্ণভূমি ডেস্ক
তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) দুপুর ১২টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই রায় দেন।
রায় ঘোষণার সময় নাসির হোসেন ও তমিমা আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির পৃথক ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়।
এর আগে গত ৬ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেছিলেন আদালত। শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসেন ও তমিমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে অভিযোগ ওঠে, আগের স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা।
এই ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব হাসান ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছিলেন।