সুবর্ণভূমি ডেস্ক
আর মাত্র একদিনের অপেক্ষা। ১১ জুন রাতে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ।
কে জিতবে এবারের বিশ্বকাপ? এ নিয়ে ভক্ত-সমর্থক-বিশেষজ্ঞরা চায়ের কাপে ঝড় তুলেছেন। তবে শিরোপা কার হাতে যাবে সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে ১৯ জুলাই পর্যন্ত।
এখন তো মাত্র শুরু। বিশ্বকাপের বাঁশি বাজার আগে চলুন পাঠক দেখে নেওয়া যাক সম্ভাব্য চ্যাম্পিয়ন কে হবে সেটি নিয়ে ফুটবল ব্যক্তিত্ব ও পন্ডিতরা কী বলছেন—
অ্যালান শিয়ারার (ইংল্যান্ড): ফ্রান্সই আমার পছন্দের দল। তবে একটি শর্ত আছে, দলের ভেতরে কোনো দ্বন্দ্ব যেন না হয়। আক্রমণভাগে তাদের এত বেশি মানসম্পন্ন খেলোয়াড়, প্রতি ম্যাচেই দুই-তিনজন বড় তারকাকে বেঞ্চে বসতে হবে।
অলিভিয়ে জিরু (ফ্রান্স): আমার মতে, সবচেয়ে শক্তিশালী দুটি দল—ফ্রান্স ও স্পেন। তারা ফাইনালে মুখোমুখি হবে নাকি তার আগেই দেখা হবে, সেটাই প্রশ্ন। তবে স্বাভাবিকভাবেই চাই ফ্রান্সই শিরোপা জিতুক।
ওয়েন রুনি (ইংল্যান্ড): আমার ধারণা, ফাইনাল হবে ইংল্যান্ড ও স্পেনের মধ্যে। আশা করি, শেষ পর্যন্ত ইংল্যান্ডই চ্যাম্পিয়ন হবে।
থমাস ফ্রাঙ্ক (কোচ, টটেনহাম): ফ্রান্স ও স্পেন অবশ্যই শিরোপার দাবিদার। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড ও পর্তুগালও বড় দাবিদার। অনেকেই ফ্রান্স কিংবা স্পেনের কথা বলছেন, কিন্তু আমার মতে, লড়াইটা হবে ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যে। আর আমি ইংল্যান্ডকেই বেছে নিচ্ছি।
জো হার্ট (ইংল্যান্ড): ইংল্যান্ড। তবে আমি সঠিক হব কি না, সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই। আমি সব সময় নিজের দেশের পক্ষেই থাকি, আর চাই ইংল্যান্ডই শিরোপা জিতুক।