মাগুরা প্রতিনিধি
আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে মাগুরায় জার্মান ফুটবল দলের একনিষ্ঠ ভক্ত আমজাদ হোসেন এবার জার্মানির সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ পতাকা আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করেছেন। বিশ্বের সবচেয়ে বড় এই জার্মান পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে মাগুরা শহরতলীর নিশ্চিন্তপুর স্কুল মাঠে রীতিমতো বাদ্যযন্ত্র বাজিয়ে ও মিছিলের মাধ্যমে অসংখ্য জার্মান ভক্ত-সমর্থককে সাথে নিয়ে এই পতাকা প্রদর্শন করা হয়। ব্যতিক্রমী এই প্রদর্শনীতে কুষ্টিয়া, বরিশাল ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা জার্মান ফুটবল দলের সমর্থক এবং স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা এলাকার কৃষক আমজাদ হোসেন ২০১৪ সালে প্রথমবার সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর পর্যায়ক্রমে দৈর্ঘ্য বাড়িয়ে এবার নিজের ৩০ শতাংশ জমি বিক্রি করে ৩/৪ লাখ টাকা খরচ করে এই সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেছেন তিনি।

আমজাদ হোসেন জানান, ২০১২ সালে তিনি একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং জার্মানির তৈরি ওষুধ সেবন করে সুস্থতা লাভ করেন। মূলত সেই কৃতজ্ঞতা থেকেই জার্মান ফুটবল দলের একজন অন্ধ ভক্ত হিসেবে তিনি প্রতি বিশ্বকাপের আগে এই পতাকা তৈরি ও প্রদর্শন করে আসছেন।
তার দাবি, এটিই বিশ্বের সবচেয়ে বড় জার্মান পতাকা। তার মৃত্যুর পর জার্মান সরকার এই পতাকাকে তাদের দেশের জাদুঘরে স্থান দেবে- এটাই তার শেষ প্রত্যাশা।
আমজাদের এই ফুটবলপ্রেমের স্বীকৃতিস্বরূপ ইতিপূর্বে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত তাকে অফিসিয়াল ‘জার্মান ফ্যান ক্লাব’-এর আজীবন সদস্যপদ প্রদান করেন।