বিশ্ব ফুটবলের ইতিহাসে লিওনেল মেসি মানেই অসংখ্য রেকর্ড, শিরোপা আর বিস্ময়। কিন্তু মাঠের বাইরের মেসি যেন একেবারেই ভিন্ন মানুষ। কোটি কোটি ডলারের মালিক, বিশ্বজোড়া খ্যাতি- এসব পরিচয়ের আড়ালে তিনি একজন স্নেহশীল বাবা, দায়িত্বশীল স্বামী এবং পরিবারের প্রতি নিবেদিত একজন মানুষ। আর এই কারণেই অনেকের কাছে মেসি শুধু সর্বকালের অন্যতম সেরা ফুটবলার নন, একজন আদর্শ ‘ফ্যামিলিম্যান’ও।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও নতুন করে আলোচনায় এসেছে। ভিডিওতে দেখা যায়, মেসির ছেলে মাতেও বাইরে থেকে চিপস ও কোক খাওয়ার আবদার করছে। মেসি মৃদু হাসি দিয়ে তাকে বোঝান যে, তার কাছে টাকা নেই, বরং বাড়িতে স্যুপ রয়েছে- সেটাই খেতে হবে।
ভিডিওটির সাবটাইটেল অনুযায়ী তিনি এমন কথা বলেন, যদিও মূল কথোপকথনটি স্প্যানিশ ভাষায়।
ভিডিওটি ঠিক কোন সময়ের বা কোন প্রেক্ষাপটের, তা নিশ্চিতভাবে জানা না গেলেও, এটি অনেকের কাছে একজন সাধারণ বাবার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। যিনি সন্তানের সব আবদার পূরণ করে নয়, বরং সংযম শেখানোর চেষ্টা করেন।
মেসির পারিবারিক জীবন বরাবরই আলোচনায় এসেছে তার সরলতা আর আন্তরিকতার জন্য। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন ছেলে- থিয়াগো, মাতেও ও সিরোকে ঘিরেই তার ব্যক্তিগত পৃথিবী। ব্যস্ত ফুটবল সূচির মাঝেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন তিনি। সামাজিক মাধ্যমে প্রায়ই সন্তানদের সঙ্গে খেলাধুলা, বেড়ানো কিংবা ছুটির মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন।
মেসির জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার বাবা হোর্হে মেসির সঙ্গে সম্পর্ক। দীর্ঘদিন ধরেই বাবাই তার এজেন্ট হিসেবে কাজ করছেন। ক্যারিয়ারের কঠিন সময় থেকে শুরু করে বড় বড় সিদ্ধান্ত- সব ক্ষেত্রেই বাবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বাবার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর মেসির আবেগও বিশ্ব দেখেছে। পারিবারিক বন্ধনের এই গভীরতা তার ব্যক্তিত্বের একটি বড় পরিচয়।
আন্তর্জাতিক ফুটবলে বহু বছর শিরোপাহীন থাকার হতাশা কাটিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর মেসির প্রতিক্রিয়াও ছিল হৃদয়স্পর্শী। ট্রফি জয়ের আনন্দে মেতে ওঠার পাশাপাশি তিনি পরিবারের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নেন। জীবনের সবচেয়ে কাক্সিক্ষত সাফল্যের মুহূর্তেও পরিবারের উপস্থিতিই যেন তার কাছে সবচেয়ে বড় শক্তি।
ফুটবল মাঠে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পরাস্ত করা মেসি ঘরের ভেতরে অবশ্য একজন সাধারণ বাবা। সন্তানদের সঙ্গে খেলতে গিয়ে তিনি নিজেও জিততে চান, আবার প্রয়োজনে শাসনও করেন। এই সহজ-স্বাভাবিক আচরণই তাকে কোটি ভক্তের কাছে আরও আপন করে তুলেছে।
আধুনিক সময়ে ব্যস্ততা, পেশাগত চাপ আর সামাজিক জীবনের কারণে অনেকেই পরিবারের জন্য পর্যাপ্ত সময় বের করতে পারেন না। সেই বাস্তবতায় লিওনেল মেসি দেখিয়ে দিচ্ছেন, বিশ্বের সবচেয়ে বড় তারকাদের একজন হয়েও পরিবারকে গুরুত্ব দেওয়া সম্ভব। সাফল্যের চূড়ায় পৌঁছেও নিজের সবচেয়ে কাছের মানুষদের ভুলে না যাওয়ার এই শিক্ষা অনেকের জন্যই অনুপ্রেরণা।
মাঠে তিনি অসাধারণ একজন ফুটবলার। কিন্তু মাঠের বাইরে তিনি একজন দায়িত্বশীল বাবা, নিবেদিত স্বামী এবং পরিবারের প্রতি অগাধ ভালোবাসায় ভরা একজন মানুষ। হয়তো এ কারণেই লিওনেল মেসি শুধু ফুটবলের কিংবদন্তি নন, তিনি একজন সত্যিকারের ‘ফ্যামিলিম্যান’- যিনি প্রমাণ করে চলেছেন, জীবনের সবচেয়ে বড় জয় শুধু ট্রফি জেতায় নয়, প্রিয় মানুষগুলোর পাশে থাকাতেও।