ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ১-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা সমর্থক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মঙ্গলবার বিকেল ৫টায় ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ।
নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধের সাত মিনিটে উপজেলা সহকারী প্রকৌশলী রিপন মাহমুদের দুর্দান্ত শটে একমাত্র গোলটি আসে। এরপর ব্রাজিল সমর্থক দল একাধিক আক্রমণ চালিয়েও সমতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা সমর্থক দল।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক রেফারি ইকরামুল হক ইকু। ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মুন্না।
প্রীতি ম্যাচে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন থানার অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, জাইকা প্রতিনিধি, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী এবং বিআরডিবির কর্মকর্তারা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএম হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশফাকুজ্জামান খান রনি।
খেলার ধারাভাষ্যে ছিলেন বিএম হাই স্কুলের ক্রীড়া শিক্ষক বাবুল হোসেন।