যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেসি প্রতিপক্ষ, তবু প্রিয় নায়ক!

তসলিম শিমুল

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৩:৫৯ পিএম
মেসি প্রতিপক্ষ, তবু প্রিয় নায়ক!

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার সামনে এবার চমক জাগানো আফ্রিকার দেশ কেপ ভার্দে। মাঠে তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ, কিন্তু মাঠের বাইরের চিত্রটি একেবারেই ভিন্ন। কারণ, কেপ ভার্দের রাষ্ট্রপতি হোসে মারিয়া নেভেস নিজেই জানিয়েছেন, ম্যাচের আগে লিওনেল মেসিকে বিশেষ উপহার দিয়ে সম্মান জানাতে চান তিনি।

চলতি বিশ্বকাপে কেপ ভার্দের পারফরম্যান্স ইতোমধ্যেই ফুটবল বিশ্বকে বিস্মিত করেছে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। এবার তাদের সামনে আরও বড় পরীক্ষা- বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষকে হুমকি নয়, বরং সম্মানের বার্তাই দিলেন কেপ ভার্দের রাষ্ট্রপতি। তিনি জানিয়েছেন, লিওনেল মেসিকে কেপ ভার্দের ‘দশ নম্বর’ জার্সি উপহার দেওয়া হবে। জার্সিটির পেছনে থাকবে মেসির নাম। বিশ্বের সেরা ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ উদ্যোগ।

হোসে মারিয়া নেভেস বলেন, ‘বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর থেকেই আমরা বিশ্বের সেরা দলগুলোর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এখন গর্বের সঙ্গে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামছি, যারা বিশ্বের অন্যতম সেরা দল।’

মেসিকে নিয়ে তার মূল্যায়নও ছিল প্রশংসায় ভরা। তিনি বলেন, ‘মেসি আমাদের দেশে অত্যন্ত সম্মানিত। আমাদের কাছে তিনিই বিশ্বের সেরা ফুটবলার। তার বিপক্ষে খেলাটাই আমাদের জন্য গর্বের। তাই আমরা তাকে কেপ ভার্দের দশ নম্বর জার্সি উপহার দিতে চাই। বিশ্বের সেরা ফুটবলার হিসেবে তাকে সম্মান জানাতেই এই উপহার।’

তবে শ্রদ্ধা থাকলেও মাঠের লড়াইয়ে কোনো ছাড় দিতে নারাজ কেপ ভার্দে। রাষ্ট্রপতি নেভেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের লক্ষ্য একটাই- আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া।

আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, ‘আমরা জিততেই এসেছি। ফুটবলে সবকিছুই সম্ভব। আমাদের মতো ছোট একটি দেশও সবাইকে চমকে দিতে পারে। আমি বিশ্বাস করি, আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারবো।’

ফলে একদিকে লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধা, অন্যদিকে তাকেই হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস লেখার স্বপ্ন- এই দুই বিপরীত আবেগ নিয়েই বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)