সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনিতে র্যাব অভিযান চালিয়ে অপদ্রব্য পুশ করা এক হাজার ৩৪২ কেজি বাগদা চিংড়ি জব্দ করে পরে তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনষ্ট করেছে।
বুধবার বিকেলে উপজেলার শ্রীউলা ইউনিয়নে এই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল হামিদ তাদের বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করাচ্ছিল।
খবর পেয়ে র্যাব-৬ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, আশাশুনি থানার এসআই আব্দুর রউফ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
খবর পেয়ে মাছ ব্যবসায়ী দু'ভাই পালিয়ে গেলেও তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশকৃত ৬১ ক্যারেট বাগদা চিংড়ি, অপদ্রব্য ও সিরিঞ্জ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বাগদা চিংড়ি রাস্তায় ফেলে গাড়ির চাকায় পিষ্ট করে নষ্ট ও পরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
মৎস্য অফিস জানায়, জব্দকৃত মাছের ওজন অনুমান এক হাজার ৩৪২ কেজি এবং মূল্য ১৩-১৪ লাখ টাকা।
অপদ্রব্য পুশকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।