যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট স্কোয়াডে যশোরের সাদিক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ১০:০৮ পিএম
অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট স্কোয়াডে যশোরের সাদিক

কঠোর অধ্যবসায়, ক্রিকেটের প্রতি ভালোবাসা আর চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় প্রাথমিক ক্রিকেট স্কোয়াডে (৩০ সদস্যের দল) ডাক পেয়েছেন যশোরের অভয়নগরের তরুণ পেস বোলিং অলরাউন্ডার তরফদার মুবতাসিম সাদিক।

অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রাম থেকে উঠে আসা এই উদীয়মান ক্রিকেটারের এমন সাফল্যে আনন্দিত স্থানীয় ক্রীড়ামোদি ও জেলা ক্রীড়া সংস্থা।

সাদিক যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের শাহিনুল হক তরফদার এবং নূরুন নাহার পাপিয়া দম্পতির সন্তান।

দীর্ঘ ছয় বছর ধরে ক্রিকেট মাঠে নিজেকে উজাড় করে দিয়ে তিনি আজ এই অবস্থানে পৌঁছেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিকের ক্রিকেটের হাতেখড়ি যশোর ক্রিকেট কোচিং সেন্টারে। ক্রিকেট অনুশীলনের পথটা তার জন্য সহজ ছিল না। চেঙ্গুটিয়া গ্রাম থেকে প্রতিদিন স্কুল শেষ করে সাতসকালে বা দুপুরে তীব্র রোদ-বৃষ্টি উপেক্ষা করে ছুটে যেতেন যশোর শহরের মাঠে। সেখানে কঠোর প্র্যাকটিস শেষে আবার সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরতেন গ্রামে। ক্রিকেটের প্রতি এই একাগ্রতা দেখে গত ২০২৫-২৬ মৌসুমে তাকে জেলা শহরের এক আত্মীয়ের বাসায় রেখে নিয়মিত প্র্যাকটিসের সুযোগ করে দেয় পরিবার, যা তার ক্যারিয়ারে নতুন গতি আনে।

মাঠে ধারাবাহিক পারফরম্যান্সের ফলও হাতেনাতে পেয়েছেন সাদিক। ২০২০-২১ মৌসুমে প্রথমবার যশোর জেলা অনূর্ধ্ব-১৪ দলে সুযোগ পান। এরপর ২০২২-২৩ মৌসুমে অনূর্ধ্ব-১৬ যশোর জেলা দল ও খুলনা বিভাগীয় দলের হয়ে দারুণ খেলেন। ধারাবাহিকতা বজায় রেখে ২০২৪-২৫ মৌসুমে অনূর্ধ্ব-১৮ যশোর জেলা ও খুলনা বিভাগীয় দলেও নিজের জায়গা পাকা করেন।

চলতি ২০২৫-২৬ মৌসুমে অনূর্ধ্ব-১৮ জেলা ও বিভাগীয় দলে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ওয়াইসিএল (YCL) ক্রিকেটেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। ঘরোয়া ক্রিকেটে বল ও ব্যাটে এমন নজরকাড়া পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই প্রথমে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ৪৬ জনের প্রাথমিক সিলেকশন ক্যাম্পে ডাক পান। ট্রায়ালে নিজেকে প্রমাণ করে অবশেষে অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের মূল ৩০ জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন যশোরের এই কৃতি সন্তান।

নিজের এই সাফল্যে উচ্ছ্বসিত সাদিক জানান, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই তার মূল লক্ষ্য। এই অর্জনের পেছনে তার বাবা-মা, কোচ এবং যশোর ক্রিকেট কোচিং সেন্টারের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি।

সাদিকের এই সাফল্যে চেঙ্গুটিয়াসহ গোটা যশোর জেলায় এখন বইছে আনন্দের বন্যা।

সকলের প্রত্যাশা, প্রাথমিক স্কোয়াড পেরিয়ে সাদিক মূল একাদশেও দেশের লাল-সবুজ জার্সিতে মাঠ কাঁপাবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)