স্টাফ রিপোর্টার
, যশোর
২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে ম্যাচ শেষে জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর এক প্রতিবেদনে উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য। দাবি করা হয়েছে, টাইব্রেকারে পেনাল্টি নিতে দলের চার ফুটবলার অস্বীকৃতি জানিয়েছিলেন।
নির্ধারিত ৯০ মিনিটে জার্মানি ও প্যারাগুয়ের ম্যাচ ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়েও আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় প্যারাগুয়ে।
টাইব্রেকারের শেষদিকে ডিফেন্ডার জোনাথান তাহ পেনাল্টি নিতে এগিয়ে আসেন। কিন্তু তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় জার্মানির। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি ছিল তাহর পেশাদার ক্যারিয়ারের প্রথম পেনাল্টি শট। তবে বিল্ডের দাবি, তাহর আগে আরও চারজনের পেনাল্টি নেওয়ার কথা থাকলেও তারা কেউই দায়িত্ব নিতে রাজি হননি।
প্রতিবেদনে বলা হয়েছে, পেনাল্টি নিতে অস্বীকৃতি জানান লিওন গোরেৎজকা, ওয়াল্ডেমার অ্যান্টন, ন্যাথানিয়েল ব্রাউন এবং মালিক থিয়াও। আত্মবিশ্বাসের ঘাটতির কারণেই তারা এমন সিদ্ধান্ত নেন বলে দাবি করা হয়েছে।
দলের অধিনায়ক জোশুয়া কিমিখ ব্যক্তিগতভাবে চার ফুটবলারের সঙ্গে কথা বলে তাদের পেনাল্টি নিতে অনুরোধ করেছিলেন। বিশেষ করে জার্মানির হয়ে ৭২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ মিডফিল্ডার গোরেৎজকাকে তিনি দুইবার অনুরোধ করেন। কিন্তু গোরেৎজকা দুইবারই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। দীর্ঘদিন বায়ার্ন মিউনিখের হয়ে খেলা এই অভিজ্ঞ ফুটবলারের এমন সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছে।
টাইব্রেকারে প্রথম শটেই জার্মানির কাই হাভার্টজ ব্যর্থ হন। তার শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। এরপর প্যারাগুয়ের হয়ে সফল হন মরিসিও। জার্মানির হয়ে পরবর্তী শট থেকে গোল করেন জোশুয়া কিমিখ ও জামাল মুসিয়ালা। প্যারাগুয়ের খেলোয়াড়রাও ধারাবাহিকভাবে গোল করতে থাকেন।
এক পর্যায়ে জার্মানির ভোলটেমাডের নেওয়া শটও গিল রুখে দেন। পরে প্যারাগুয়ের সানাব্রিয়া শট বাইরে মারায় ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি হয়। জার্মানির হয়ে আমিরি গোল করে দলকে লড়াইয়ে রাখেন। এরপর প্যারাগুয়ের বালবুয়েনা পেনাল্টি মিস করলে স্কোর আবার সমতায় ফেরে এবং খেলা গড়ায় সাডেন ডেথে।
সাডেন ডেথে জোনাথান তাহের শট আকাশে উড়ে গেলে জার্মানির বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায়। এরপর প্যারাগুয়ের হোসে সফলভাবে গোল করলে বিশ্বকাপে জার্মানির অভিযান শেষ হয়।