যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্পাদকীয়

ভিডিওকলে ফুটে উঠুক জীবনের সৌন্দর্য, মৃত্যু নয়

প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০৯:০০ এ এম
ভিডিওকলে ফুটে উঠুক জীবনের সৌন্দর্য, মৃত্যু নয়

গত কয়েকদিনে মাগুরা ও যশোরের চৌগাছায় ঘটে যাওয়া দুটি মর্মান্তিক ঘটনা সংশ্লিষ্ট জনপদকে নাড়া দিয়ে গেল। প্রথম ঘটনাটি হলো, মাগুরায় স্ত্রীকে ভিডিওকলে রেখে স্বামী আত্মহত্যা করলেন, আর পরদিন চৌগাছায় একই কায়দায় স্বামীকে ভিডিওকলে রেখে আত্মহননের পথ বেছে নিলেন স্ত্রী। এই দুই ঘটনা যেন একে অপরের প্রতিচ্ছবি। কিন্তু প্রশ্ন হলো, এসব কি নিছক কাকতালীয়, নাকি আমাদের সমাজে গভীর কোনো ব্যাধির চিহ্ন?

প্রথমত, বাংলাদেশ আত্মহত্যাপ্রবণ জনপদ। তার মধ্যেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কেন্দ্রস্থল বৃহত্তর যশোরে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনা, পারিবারিক কলহ, অথবা সামান্য মান-অভিমান, বেকারত্ব অথবা আর্থিক দৈন্য- এসব কারণে অনেকে স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নেন। বিশেষ করে তরুণ প্রজন্ম আবেগি, মানসিক চাপ মোকাবিলার সামর্থ তাদের অনেক কম। আত্মহত্যাকে এদের অনেকে তথাকথিত মুক্তির পথ হিসেবে বিবেচনা করে।

দ্বিতীয়ত, প্রযুক্তির কল্যাণে ভাইরাল হওয়ার প্রবণতা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। এক ঘটনা ভাইরাল হতেই অনেকে সেটির আদলে আরেকটি ঘটনা ঘটিয়ে ফেলছেন। যেমন রামিসার ঘটনার পর দেশজুড়ে শিশু ধর্ষণ বা ধর্ষণচেষ্টার ঘটনা সামনে আসছে একের পর এক। কোথাও কোথাও এইরূপ ঘটনা ঘটাতে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি সংঘবদ্ধ পিটুনি মুখেও পড়ছেন। এখন যদি ভিডিওকলে রেখে আত্মহত্যার ঘটনা ‘ট্রেন্ড’ হয়ে ওঠে, তাহলে তা এক নতুন বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

‘হুজুগে বাঙালি’ মানসিকতা যেন এক মহামারি। এটি থামাতে প্রয়োজন গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ, পরিবারে মানসিক স্বাস্থ্যসচেতনতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আবেগ ও চাপ মোকাবিলার পাঠ। সরকারকেও এই বিষয়ে জরুরি নির্দেশনা দেওয়া উচিত, যেন ভিডিওকলে আত্মহত্যার ঘটনাকে মিডিয়া কোনোভাবেই রোমান্টিসাইজ না করে।

মৃত্যুকে জয় করে ওঠার মতো কোনো দৃশ্য ফেসবুক বা টিকটকে ভাইরাল হয় না। ভাইরাল হয় বেদনা, যা অন্যজনের কাছেও সহজ পথ দেখায়। আমাদের দরকার সেই পথে বাধা দেওয়া। ভিডিওকলের অপর পাশে যেন জীবনের সৌন্দর্য ফুটে ওঠে, মৃত্যু নয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)