কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তার অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী আদর্শকে ধারণ করার লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মতিয়ার রহমান।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী চিন্তাধারা নিয়ে আলোচনা করেন।
সেমিনারে অন্যদের মধ্যে কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা। তার সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষিত মানুষের মুক্তির আহ্বান প্রতিফলিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে তার জীবন ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে 'নজরুল বর্ষ-২০২৬' উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।