দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলার দেবহাটা ইউনিয়নের রত্নেশ্বরপুর, রহিমপুর ও পাঁচপোতা গ্রামের মধ্যবর্তী ফুটবল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের তত্ত্বাবধানে ও রহিমপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নাছিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা ইউনিয়ন যমুনা যুব ফোরামের সভাপতি দিলিপ দাস। বিশেষ অতিথি ছিলেন একই ফোরামের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর ইমরান হোসেন, মনিরুল ইসলাম, নুর ইসলাম, শিহাব সালেহীন, আল মামুন, স্বপন কুমার ও সাদিয়া সুলতানা।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা পটচিত্র প্রদর্শনের পাশাপাশি গানের সুরে ও ছন্দে বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এর প্রতিকারের উপায়গুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।
রত্নেশ্বরপুর, রহিমপুর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই পরিবেশনা উপভোগ করেন।