স্টাফ রিপোর্টার
, যশোর
শিশু শিল্পীদের কল্পনা, অনুভূতি ও সৃজনশীল ভাবনার প্রকাশ নিয়ে ‘ইচ্ছেগুলো আঁকো’ শীর্ষক শিশু শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় যশোরের চারুপীঠ আর্ট গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন ভাস্কর মাহবুব জামাল শামীম।
শিল্পী সোহেল প্রাণনের স্মরণে বর্ণিকা আর্ট স্টুডিও এ প্রদর্শনীর আয়োজন করে।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহাররঞ্জন সিংহ, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক কেয়া চক্রবর্তী, আবুল বাশার শরফুদ্দৌলা, সায়েদা বানু প্রমুখ।
বক্তারা শিশুদের স্বাধীন সৃজনশীল চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, শিল্পচর্চা শিশুদের কল্পনাশক্তি, মানবিক মূল্যবোধ ও আত্মপ্রকাশের ক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বর্ণিকা আর্ট স্টুডিওর এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং শিশুদের শিল্পচর্চার জন্য এমন আরও আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা বিশ্বদ্যিালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সান্তনা শাহরিন নিনি।
উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী শাফিন ইমতিয়াজ শিহাব, অর্পিতা মিত্র, কানিজ ফাতিমা অদিতি, হানানা আশরাফী জ্যোতি, রাসিবুল হাসান প্রমুখ।
প্রদর্শনীতে ২৮ জন শিশু শিল্পীর নির্বাচিত চিত্রকর্ম স্থান পেয়েছে। এসব চিত্রে শিশুদের স্বপ্ন, প্রকৃতি, পরিবার, আনন্দ, কল্পনার জগৎ এবং ভবিষ্যৎ ভাবনার নানা দিক ফুটে উঠেছে।
প্রদর্শনী আগামী ২০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল সাড়ে ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সমাপনী দিনে শিল্পী সান্তনা শাহরিন নিনির আলোচনায় শিল্পী সোহেল প্রাণনের শিল্পকর্ম নিয়ে সচিত্র উপস্থাপনা ‘প্রাণের পরে প্রাণন’ অনুষ্ঠিত হবে।