যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসে গত তিন দিনে ২০ জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। জ্বর, মাথাব্যথা, বমি, ডায়রিয়া ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে এসব শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে মেডিকেলে তারা কোন চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
যবিপ্রবি ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একাডেমিক ফিল্ড ট্রিপের অংশ হিসেবে সিলেট ভ্রমণ শেষে ফেরার পর থেকে ওই ব্যাচের অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার থাকলেও সেখানে কোনো ডাক্তার পাওয়া যায়নি। ফলে অসুস্থরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এছাড়া, জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহনের জন্য তাদের নেই কোনো অ্যাম্বুলেন্স। ফলে অসুস্থ শিক্ষার্থীদের অন্য যানবাহনে করে সদর হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা।
তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী ক্যাম্পাসে ন্যূনতম চিকিৎসাব্যবস্থা থাকা উচিত। এখানকার মেডিকেল সেন্টার আছে, কিন্তু অজ্ঞাত কারণে এখানে এখনো কোনো ডাক্তার নিয়োগ দেওয়া হয়নি। কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ছুটতে হয়। অসুস্থদের জরুরি পরিবহনের জন্য নেই কোনো অ্যাম্বুলেন্স। শিক্ষার্থীরা চান, প্রশাসন তাদের দিকেও নজর দিক। চিকিৎসাসেবা পাওয়া শিক্ষার্থীদের মৌলিক অধিকার।’
এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির চিফ মেডিকেল অফিসার ডা. দীপক কুমার বলেন, ‘আমার চোখের অপারেশনের কারণে বুধবার পর্যন্ত আমি ছুটিতে ছিলাম। অপারেশনের পর অসুস্থতার কারণে আমি সবকিছু থেকে বিচ্ছিন্ন ছিলাম। তাই শিক্ষার্থীদের এ অসুস্থতার বিষয়ে আমি অবগত নই। আমি খুব দ্রুতই এই বিষয়ে খোঁজ নিচ্ছি।’
ওই সময়ে চিফ মেডিকেল অফিসারের দায়িত্বে থাকা ডা. মাসুমা নুরজাহানের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।