চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় স্টার্টআপ বিজ্ঞানভিত্তিক ও ইনোভেশন প্রকল্পের প্রদর্শনী হয়েছে।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে এই প্রদর্শনী বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
দুপুরে একই স্থানে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এমপি বলেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।
উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
এসময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব, থানার ওসি মামুনুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম বজলুর রশিদ, জামায়াতনেতা মাস্টার কামাল আহমেদ, বিএনপিনেতা ইউনূস আলী, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা এবং উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।