যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস আমন্ত্রণ:

অস্ট্রেলিয়া যাচ্ছেন খুবি উপাচার্য

খুবি প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৬:১৪ পিএম
আপডেট : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৮:৪৩ পিএম
অস্ট্রেলিয়া যাচ্ছেন খুবি উপাচার্য

অস্ট্রেলিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এবং দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. আশিক উর রহমান।

দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স খুলনা বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, আগামী ১৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত মোট ১৬ দিনের এই সফর অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া সরকারের ‘পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ’ (ডিএফএটি) -এর অর্থায়ন ও উদ্যোগে আয়োজিত 'অস্ট্রেলিয়ান প্রফেশনাল অপরচুনিটি' (এপিও) প্রোগ্রামের অধীনে অস্ট্রেলিয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রশাসকদের শিক্ষা সফরে অংশগ্রহণের জন্য 'অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ' তাদের নির্বাচিত করেছে।

এই সফরে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের আরও সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন।

সফরকালে প্রতিনিধিদল অস্ট্রেলিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়সমূহ- মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, ডেকিন বিশ্ববিদ্যালয়, মোনাস বিশ্ববিদ্যালয়, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়, ইউএনএসডব্লিউ সিডনি (নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়) এবং উলংগং বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় পরিচালনা, আন্তর্জাতিকীকরণ, গবেষণা সহযোগিতা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং শিল্প ও একাডেমিক সংযোগ বিষয়ক বিভিন্ন কর্মশালা ও মতবিনিময় সভায় অংশ নেবেন।

দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. আশিক উর রহমান বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় বর্তমানে আন্তর্জাতিকীকরণ, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং বৈশ্বিক সম্পৃক্ততাকে অগ্রাধিকার দিচ্ছে। আমাদের প্রস্তাবিত অফশোর (বিদেশি) ক্যাম্পাস ও আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে এই সফর কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন এবং ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি)-র মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।’

সফর প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘বর্তমান বিশ্বে একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি অনেকাংশেই নির্ভর করে তার আন্তর্জাতিক যোগাযোগের ওপর। এই সফর আমাদের জন্য অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সেরা কার্যক্রম ও অভিজ্ঞতাগুলো কাছ থেকে জানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।’

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক শাখা গত দুই বছর ধরে 'অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ' -এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি 'অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন' (অস্ট্রেড)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)