স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে ট্রাকের ধাক্কায় রুহুল আমিন (৫০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার শ্যালক শওকত মুন্সি (৪৫)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বাঘারপাড়া উপজেলার পলিরহাট ও কদমতলার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
এ ঘটনায় আহত শওকত মুন্সি মাগুরা জেলার শালিখা উপজেলার চৈত্রবাড়িয়া গ্রামের ইছাহাক মুন্সির ছেলে। তারা সম্পর্কে একে অপরের চাচাতো শ্যালক-ভগ্নিপতি।
আহত শওকত মুন্সি জানিয়েছেন, রাতে শহরে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলযোগে তারা বাড়ি ফিরছিলেন। পলিরহাট ও কদমতলার মাঝামাঝি পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই রুহুল আমিন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শওকত মুন্সিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক রেজাউল ইসলাম তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেছেন।
হাসপাতালে কর্তব্যরত পুলিশ কনস্টেবল সোহেল রানা জানিয়েছেন, ঘটনার সংবাদ শুনে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ঘটনাস্থলে রয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।