ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলে আল-আমিনকে মৃত্যুদণ্ড এবং বাবা ইউনুচ পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিচারক (জেলা ও দায়রা জজ) ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আল-আমিন ও তাঁর বাবা ইউনুচ পাটোয়ারীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
ঝিনাইদহ আদালতের কোর্ট পরিদর্শক মোক্তার হোসেন জানান, মামলাটির বিচারিক কার্যক্রম চলতি মাসের ২ আগস্ট শুরু হয়। সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত আল-আমিনকে মৃত্যুদণ্ড এবং ইউনুচ পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুচ পাটোয়ারীকে ২০ টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত বাবা-ছেলেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।