কালীগঞ্জে কৃষক হত্যা মামলার রায়
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে কৃষক নায়েব আলী খুনে অভিযুক্ত দুই ব্যক্তিকে সাজা দিয়েছেন আদালত। এদের মধ্যে একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ফাঁসির দণ্ড পাওয়া আসামি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তির ছেলে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা জজ মাসুদ আলী মামলাটির রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন, একই গ্রামের ইউনুচ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল-আমিন পাটোয়ারী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে থানায় মামলা করেন।
তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল আমিন ও বাবা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ওই মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত বৃহস্পতিবার রায় দিয়েছেন।
একই সাথে দণ্ডিত ছেলেকে ৫০ হাজার ও বাবাকে ২০ টাকা জরিমানাও করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।