মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৬০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ দুই ‘মাদক কারবারিকে’ গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় মহেশপুর পৌরসভার পাতিবিলা পুকুরপাড় এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পাতিবিলা গ্রামের নূর কুদ্দুসের ছেলে মাসুম বিল্লাহ (শান্ত) (৩৫) এবং ছয় নম্বর ওয়ার্ডের জমিদারপাড়ার মনসুর আলীর ছেলে হাবিবুর রহমান হাবিব।
পুলিশ বলছে, এসআই হিমাংশু বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকায় অস্ত্র, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় পাতিবিলা পুকুরপাড় এলাকায় মাদক বিক্রির সময় আসামি মাসুম বিল্লাহ শান্তর বসতঘরের সামনের ফাঁকা জায়গা থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম ওজনের ৬০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অপরাধ রেকর্ড (পিসিপিআর) যাচাই করে এক নম্বর আসামি মাসুম বিল্লাহর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫১ ধারায় গ্রেপ্তারের রেকর্ড পাওয়া গেছে। এ ছাড়া এ মাদক কারবারের সঙ্গে জড়িত এক পলাতক অর্থ জোগানদাতার বিরুদ্ধে এর আগে পাঁচটি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।