যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজন গ্রেপ্তার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ১০:০১ এ এম
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০২:১২ এ এম
ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী এলাকার একটি ফিলিং স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. তুহিন রেজা (৩৩), জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মো. ইমদাদুল হক সোহাগ (৩৭) এবং নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নসিব (৩২)।

তুহিন রেজা কালীগঞ্জ শহরের খয়েরতলা এলাকার রেজাউল ইসলামের ছেলে। ইমদাদুল হক সোহাগ কালীগঞ্জ উপজেলার তৈলটুপি গ্রামের মতিন বিশ্বাস ওরফে পাতা মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, সোহাগ নলডাঙ্গা পার্ক অ্যান্ড রিসোর্টের মালিক। তিনি ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

গ্রেপ্তার অন্য ব্যক্তি সাদ্দাম হোসেন নসিব ঝিনাইদহ সদর উপজেলার খড়াশুনি গ্রামের নায়েব আলীর ছেলে।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. শরিফুল ইসলাম জানান, সরকার পতনের লক্ষ্যে নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন বৈঠক হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী এলাকার একটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে রাত ১০টার দিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের ঝিনাইদহ সদর থানায় পাঠানো হয়।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) ব্রজেন জানান, ডিবি পুলিশ রাতে তিনজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আগে বিভিন্ন মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)