বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় নাশকতার পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ২০২৪ ও ২০২৬ সালে রুজু হওয়া নাশকতার মামলার আসামি।
আটক ব্যক্তিদের মধ্যে তিনজন হলেন দোহাকুলা ইউনিয়নের ইন্দ্রা গ্রামের জহুরুল বিশ্বাসের ছেলে আব্দুর রব (৪৫), রায়পুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস বিশ্বাস এবং দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের ইসহাক মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৪৪)।
পুলিশ জানায়, ২০২৪ সালে উপজেলার খাজুরা ভাটার আমতলায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নাজমুল লস্কর বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেন। ওই মামলায় আটক ব্যক্তিদের সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া চলতি বছরে নড়াইল-যশোর সড়কের ছাতিয়ানতলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে পুলিশ আরেকটি মামলা করে। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দোহাকুলা গ্রামের আমির উদ্দিন বিশ্বাসের ছেলে ফিরোজ হাসান ভুট্টো (৫৩), বাউলিয়া গ্রামের হাতেম আলী বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৪২), পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ছাত্তার মোল্লার ছেলে ওসমান আলী (৪০) এবং নারিকেলবাড়িয়া ইউনিয়নের ক্ষেত্রপালা গ্রামের ইউসুফ বিশ্বাসের ছেলে সেলিমুল আলমকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরও আদালতে পাঠানো হয়।