চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি আবু সিদ্দিকসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। দুপুরে আবু সিদ্দিককে (৭০) চুয়াডাঙ্গা শহরের বাসস্ট্যান্ড এলাকা গ্রেপ্তার করা হয় ।
দর্শনা থানার এস আই মোল্লা আরিফুল ইসলাম জানান, দর্শনা থানার চণ্ডিপুর গ্রামের একটি পুজামণ্ডপের সামনে বুধবার রাত আড়াইটার দিকে কয়েকজন ব্যক্তি সন্দেহজনকভাবে অবস্থান করছে বলে খবর পায় পুলিশ।
রাতেই পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় এবং চণ্ডিপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সিদ্দিককে (৭০) আটক করে। এসময় কয়েকজন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে আবু সিদ্দিককে ছিনিয়ে নেন।
আবু সিদ্দিক পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে যান। রাতেই পুলিশ গ্রামের আটজানকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে আসামি ছিনিয়ে নেওয়া ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দর্শনা থানায় মামলা দায়ের হয়।
ওই মামলায় আবু সিদ্দিককেও আসামি করা হয়।
ঘটনার পর থেকে আবু সিদ্দিককে গ্রেপ্তার করার জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
আটক অন্যরা হলেন, রবি হালদারের ছেলে লক্ষ্মণ (৩৮), সেলিম উদ্দিনের ছেলে ফিরোজ হোসেন (১৯), হারুন অর রশিদের ছেলে ফরহাদ হোসেন (১৯), সঞ্জিত হালদারের স্ত্রী সোনালি হালদার (৩০), সঞ্জয় হালদারের স্ত্রী কণা রানী ২৫), খোকনের স্ত্রী নাসিমা বেগম (৪০), সদর মন্ডলের ছেলে আলম বাদশা (৫৫) ও হরেন হালদারেন ছেলে ফুলন হালদার (৩২)।