মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ১২ পিস ইয়াবাসহ লিটন মন্ডল (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের ক্যাম্পপাড়া জোড়াপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয় জানিয়ে পুলিশ বলছে, ওই সময় শহিদুল ইসলাম ওরফে সিটি গোল্ড শহিদুল (৩৮) নামে অপর এক আসামি পালিয়ে যান।
পুলিশ জানায়, মহেশপুর পুলিশ ফাঁড়ির এসআই আবদুল করিম মাতুব্বরের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
লিটন মন্ডলের কাছ থেকে উদ্ধার করা ১.২ গ্রাম ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন হাজার ৫০০ টাকা। গ্রেপ্তার লিটন মন্ডল ক্যাম্পপাড়া এলাকার নবিউদ্দিন মন্ডলের ছেলে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, এই ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।