খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনের ২৫তম ব্যাচের শিক্ষার্থী সপ্তক দেবকে ভুয়া পুলিশ পরিচয়ে জিম্মি করে নগরীর বিভিন্ন স্থানে ঘুরিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার (৩ অক্টোবর) সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযোগপত্রে সপ্তক দেব (২০) উল্লেখ করেন, শনিবার বিকেল ৩টার দিকে সোনাডাঙ্গা থানাধীন গল্লামারী মোড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাকে জিম্মি করেন।
পরে তাকে নগরীর বিভিন্ন স্থানে ঘোরানো হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়।
একপর্যায়ে ওই ব্যক্তি সপ্তকের পরিবারের সদস্যদের ফোন করে ভয়ভীতি প্রদর্শন ও মানসিক চাপ সৃষ্টি করে দশ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পরিবারের সদস্যরা দাবিকৃত টাকা পাঠাতে বাধ্য হন।
অভিযোগে বলা হয়েছে, ওই টাকা নগরীর বয়রা এলাকার একটি রকেট এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশআউট করা হয়। এ ছাড়া সপ্তকের কাছে থাকা নগদ ৫০০ টাকাও নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন বলেন, ‘শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ইতোমধ্যে সংগৃহীত সিসিটিভি ফুটেজে এক ব্যক্তির পেছনে ওই শিক্ষার্থীকে হেঁটে যেতে দেখা গেছে।
ওসি আরও বলেন, ‘ফুটেজ থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করা হয়েছে। শুধু ছবি দেখে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা কঠিন হলেও, ছবিটির মাধ্যমে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।’