বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ছয় লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের আব্দুল কাদের শিকদারের ছেলে ঘের মালিক মো. মোতালেব শিকদার (৫৫) মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে মোতালেব শিকদার উল্লেখ করেন, ১ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো একসময় তার মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়। পরদিন সকালে ঘেরে গিয়ে পানির ওপর অসংখ্য মাছ মৃত অবস্থায় ভাসতে দেখেন তিনি। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগকারীর সন্দেহ।
এ ঘটনায় রাহেলা বেগম, বাপ্পি চাপরাশী, হুমায়ন চাপরাশী ও নাজমা বেগমকে অভিযুক্ত করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ডিউটি অফিসার বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঘেরে বিষ প্রয়োগের কারণ, মাছের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।