স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া স্কুলপাড়া এলাকায় গভীর রাতে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হচ্ছে।
তবে ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ তা না নিয়ে কেবল একটি লিখিত অভিযোগ জমা রেখেছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
অভিযোগে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে পাঁচবাড়িয়া স্কুলপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের (৭৩) বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে দাবি করা হয়, হামলাকারীরা ঘরের ভেতর ঢুকে ব্যাপক ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করে। একপর্যায়ে তারা ঘর থেকে আব্দুল খালেকের ব্যবসার নগদ সাড়ে সাত লাখ টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আব্দুল খালেকের ছেলে আওয়াল হোসেন অভিযোগ করে বলেন, ‘ঘটনার পরের দিন সকালে আমরা থানায় মামলা করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ মামলা না নিয়ে শুধু একটি লিখিত অভিযোগ জমা রেখেছে। আমরা বারবার পুলিশের দ্বারস্থ হলেও তারা মামলা নিচ্ছে না। হামলাকারীরা এখন লাঠিসোটা ও রামদা নিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে আমাদের হুমকি দিচ্ছে। আমরা আজ কয়েক দিন ধরে বাড়িছাড়া, নিজেদের বাড়িতে পর্যন্ত যেতে পারছি না। আমাদের ব্যবসা-বাণিজ্য থমকে গেছে, রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে আমাদের চরম বিপদে পড়তে হবে।’
এদিকে অভিযোগের বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে দ্রুত নিয়মিত মামলা দায়ের করা হবে।