কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে আরাফাত মোল্যা (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে বাড়ির পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে আরাফাতকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের নারী সদস্যরা আরাফাতকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহত আরাফাতের বিরুদ্ধে দশটির বেশি মামলা এবং ছয়টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।