মাগুরা প্রতিনিধি
মাগুরায় আট হাজার পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী শাহীন আলম ওরফে শাহীন, তার স্ত্রী সাথী খাতুন ও প্রকৌশলী খালিদ হাসান নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির তিন লাখ ৪৮ হাজার টাকা, ১৩৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে পুলিশের দাবি।
মঙ্গলবার দুপুরে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের কাশীনাথপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কথিত মাদক ব্যবসায়ী মো. শাহীন আলম ওরফে শাহীন (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) ও প্রকৌশলী খালিদ হাসান (৩১) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির তিন লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত ১৩৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার শাহীন আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।