স্টাফ রিপোর্টার
, যশোর
চুরির অভিযোগে এক নারী এবং মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় এক যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন যশোরের একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) সঞ্জয় পাল পৃথক মামলায় এ সাজা প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগীর ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা এক নারী ও দালালির অভিযোগে দুইজন পুরুষকে আটক করে হাসপাতাল পুলিশ বক্সে নিয়ে যান।
আটকরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেপাড়া গ্রামের হাসু মিয়ার স্ত্রী শিল্পী খাতুন (২৫) এবং যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে আবিদ হাসান (৫০) ও ঘোপ সেন্ট্রাল রোডের সত্তার ব্যাপারীর ছেলে মারুফ হোসেন (৫০)।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ কুমার পোদ্দার তাদের হেফাজতে নেন। পরে বিকেলে অভিযোগ গঠন করে তাদের আদালতে হাজির করা হয়।
আদালত শিল্পী খাতুনকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। অপরদিকে, দালালি হিসেবে অভিযুক্ত আবিদ হাসান ও মারুফ হোসেনকে খালাস দেওয়া হয়।
অন্যদিকে, ডিবি পুলিশের এসআই রকি মণ্ডল মঙ্গলবার সকাল ৬টার দিকে শহরের ধোপাখোলা নির্মলতা এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ তাহিদুল ইসলাম (৩৪) নামে এক যুবককে আটক করেন।
তাহিদুল সদর উপজেলার নতুনহাট বড় মেঘলা গ্রামের সফিয়ার মোড়লের ছেলে। বর্তমানে তিনি পুলেরহাট এলাকার আসামত আলীর বাড়িতে ভাড়া থাকেন।
তাকে দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাহিদুলকে দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।