চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমদাদুল হক (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস খন্দকারকে (২২) ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এমদাদুল হক উপজেলার নওদাবন্ডবিল গ্রামের রেজাউল হকের ছেলে। অভিযুক্ত নাইস খন্দকার নতুন বাসস্ট্যান্ড এলাকার মজনু খন্দকারের ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিল এমদাদুল। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে নাইসের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাইস মারমুখী হলে এমদাদুল দৌড়ে পালানোর চেষ্টা করে। কিছুদূর যাওয়ার পর সে মাটিতে পড়ে গেলে নাইস লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এতে এমদাদুল গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি রাকিবুল ইসলাম আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নাইস খন্দকারকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। ওই মামলায় নাইসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।