স্টাফ রিপোর্টার
, যশোর
মাদক মামলায় আলমগীর হোসেন ওরফে মহি পাগলা, ওরফে মহি আলমগীর বাবু, ওরফে মহির বাবু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন যশোরের আদালত। একই সাথে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ষষ্ঠ) আদালতের বিচারক শাহিনুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত আলমগীর হোসেন শার্শা উপজেলার টেংরালী গ্রামের মৃত কুদ্দুস সর্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৪ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে শার্শা থানা পুলিশের তৎকালীন এএসআই ইমামুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের কাজীরবেড় মোড়ের যাত্রী ছাউনির সামনে অভিযান চালান।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সাথে সাথে তাকে আটক করে। পরে তার শরীর ও হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে এক রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল এবং প্লাস্টিকের ব্যাগে রাখা একশ’ গ্রামের দশটি প্যাকেট থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুইটি মামলা করেন এএসআই ইমামুল ইসলাম। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত শেষে একই বছরের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই সুজাত আলী। তবে অস্ত্র আইনে দায়ের করা মামলার রায় এখনও প্রদান করা হয়নি। ওই মামলায় আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ওই সাজা প্রদান করেন।