স্টাফ রিপোর্টার
, যশোর
নেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধর, হত্যাচেষ্টা ও বাড়িতে ভাঙচুরের অভিযোগে রায়হান হোসেন (২০) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চতুর্থ) আদালতের বিচারক সাকিব আহম্মেদ ইমন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রায়হান হোসেন যশোর সদর উপজেলার ছোট বালিয়াডাঙা গ্রামের আনিছুর রহমানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, অসৎ প্রকৃতির লোকজনের সঙ্গে মিশে রায়হান গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবনে আসক্ত হয়ে পড়েন।
তাকে মাদকের পথ থেকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন বাবা আনিছুর রহমান ও মা চামেলী বেগম।
প্রায়ই মাদক সেবনের জন্য তিনি বাবা-মায়ের কাছে টাকা দাবি করতেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১২ অক্টোবর বেলা ১২টার দিকে মাদক সেবনের জন্য বাবা-মায়ের কাছে টাকা চান রায়হান। টাকা না পেয়ে তিনি তার মাকে মারধর করেন। এ সময় দা, বটি ও চাকু নিয়ে বাবাকে কোপানোর চেষ্টা করেন। পাশাপাশি মাকে গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন তিনি।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রায়হানকে আটক করেন। পরে তার বাবার কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ রায়হানকে হেফাজতে নেয়।
এ ঘটনায় আনিছুর রহমান লিখিত অভিযোগ দিলে পুলিশ রায়হানের বিরুদ্ধে অভিযোগ এনে তাকে আদালতে সোপর্দ করে।
পরে উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক রায়হানকে ছয় মাসের কারাদণ্ড দেন।